এ যুগের সমাজতান্ত্রিক দেশ সাফল্য, চ্যালেঞ্জ ও লড়াই (দ্বিতীয় পর্ব)

২০২৫ সালের মে মাসে পলিটব্যুরোর ৬৮ নম্বর প্রস্তাবে বেসরকারি অর্থনীতিকে সমাজতান্ত্রিক অভিমুখী বাজার অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ভিয়েতনাম - দ্রুত উত্থান, নতুন দ্বন্দ্ব
১৯৮৬ সালে ভিয়েতনামের মাথাপিছু জিডিপি ছিল ৭০০ ডলারের নিচে। ২০২৫ সালে মাথাপিছু জাতীয় আয় (GNI) দাঁড়িয়েছে ৪,৯৭০ ডলার, ফলে ২০২৬-এর ১ জুলাই বিশ্বব্যাঙ্ক এই দেশকে উচ্চ-মধ্যম আয়ের শ্রেণিতে উন্নীত করেছে। ২০২৫ সালে প্রবৃদ্ধি ৮ শতাংশ। দৈনিক ৩.৬৫ ডলারের নিচে থাকা মানুষের অনুপাত ২০১০ থেকে ২০২৩-এর মধ্যে ১৪ শতাংশ থেকে ৪ শতাংশ-এর নিচে নেমেছে।
২০২৬ সালের জানুয়ারিতে (১৯–২৩) চতুর্দশ পার্টি কংগ্রেস রাষ্ট্রায়ত্ত অর্থনীতির অগ্রণী ভূমিকা বজায় রেখেই বেসরকারি ক্ষেত্রকে প্রবৃদ্ধির অন্যতম এক চালিকাশক্তি বলে স্বীকার করেছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ও জবাবদিহির ওপর জোর দিয়েছে। এখানেও প্রশ্নটা বদলে যায়। প্রবৃদ্ধি কত দ্রুত, সেটা শুধু নয়। সুফল কার ঘরে যাচ্ছে, শ্রমিকের অধিকার কতটা সুরক্ষিত, উৎপাদনের ওপর সামাজিক নিয়ন্ত্রণ কতটা কার্যকর, সেটাই আসল।
১৯৮৬ সালে ‘দয় ময়’ (Doi Moi) বা সংস্কার কর্মসূচি শুরু হওয়ার সময় ভিয়েতনামের মাথাপিছু জিডিপি ছিল ৫০০ ডলারেরও নিচে। দীর্ঘ চার দশকের অর্থনৈতিক রূপান্তরের পর ২০২৫ সালে এই দেশের মোট জিডিপি দাঁড়িয়েছে প্রায় ৫১৪ বিলিয়ন ডলার এবং মাথাপিছু জিডিপি ৫,০২৬ ডলার। বিশ্বব্যাঙ্কের ‘অ্যাটলাস পদ্ধতি’তে হিসাব করা মাথাপিছু জাতীয় আয় (GNI) ছিল ৪,৯৭০ ডলার। এর ভিত্তিতে ২০২৬ সালের ১ জুলাই থেকে বিশ্বব্যাঙ্ক ভিয়েতনামকে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের শ্রেণিতে উন্নীত করেছে।
২০২৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৮.০২ শতাংশ। বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে দৈনিক ৪.২০ ডলারের নিচে বসবাসকারী মানুষের অনুপাত ১৪ শতাংশ থেকে ৪ শতাংশের নিচে নেমেছে। অর্থাৎ দারিদ্র্য হ্রাস ও জীবনযাত্রার মান উন্নয়নে ভিয়েতনাম উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে দারিদ্র্যের এই পরিসংখ্যান ব্যবহার করার সময় বিশ্বব্যাঙ্কের ২০১৭ ও ২০২১ সালের ক্রয়ক্ষমতা সমতা বা পিপিপি-ভিত্তিক দারিদ্র্যসীমার পার্থক্য মনে রাখা জরুরি।
এই অগ্রগতির পাশাপাশি সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ২০২৫ সালে ভিয়েতনামের বহুমাত্রিক দারিদ্র্যের হার প্রায় ১.৩ শতাংশে নেমে আসে। শ্রমিক-কর্মচারীদের গড় মাসিক আয় ৮.৯ শতাংশ বেড়ে ৮৪ লক্ষ ডং (ভিয়েতনামের মুদ্রা, ৩০,৮৫০ টাকা) হয়েছে। দেশের জনসংখ্যার ৯৫.১৬ শতাংশ স্বাস্থ্যবিমার আওতায় এলেও কর্মক্ষম শ্রমশক্তির মাত্র ৪৫.১ শতাংশ সামাজিক বিমার আওতায় ছিল। এই ব্যবধান দেখায়, অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
২০২৫ সালের মে মাসে পলিটব্যুরোর ৬৮ নম্বর প্রস্তাবে বেসরকারি অর্থনীতিকে সমাজতান্ত্রিক অভিমুখী বাজার অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি ক্ষেত্র তখন দেশের জিডিপির প্রায় ৫০ শতাংশ উৎপাদন করছিল এবং মোট শ্রমশক্তির প্রায় ৮২ শতাংশের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিল। ২০৩০ সালের মধ্যে বেসরকারি ক্ষেত্রের অবদান জিডিপির ৫৫–৫৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত অর্থনীতির অগ্রণী ভূমিকা বজায় রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ ভিয়েতনাম উৎপাদন ও কর্মসংস্থানের সম্প্রসারণে ব্যক্তিগত উদ্যোগের ভূমিকা বাড়ালেও অর্থনীতির কৌশলগত পরিচালনায় রাষ্ট্রের নেতৃত্ব অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট।
২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ১৪তম পার্টি কংগ্রেস এই অর্থনৈতিক অভিমুখকে আরও স্পষ্ট করেছে। ২০২৬–২০৩০ সময়কালে বার্ষিক অন্তত ১০ শতাংশ প্রবৃদ্ধি, ২০৩০ সালের মধ্যে মাথাপিছু জিডিপি ৮,৫০০ ডলারে উন্নীত করা, শ্রমের উৎপাদনশীলতা বছরে ৮.৫ শতাংশ বাড়ানো এবং বহুমাত্রিক দারিদ্র্যের হার প্রতিবছর ১–১.৫ শতাংশ পয়েন্ট কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং অনানুষ্ঠানিক শ্রমিকদের কল্যাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পার্টি ও রাষ্ট্রের অভ্যন্তরে ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম জোরদার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তবে ভিয়েতনামের অভিজ্ঞতার মূল্যায়ন শুধু প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি কিংবা দারিদ্র্য হ্রাসের পরিসংখ্যান দিয়ে সম্পূর্ণ করা যাবে না। বেসরকারি পুঁজি ও বিদেশি বিনিয়োগের সম্প্রসারণের মধ্যে শ্রমের ন্যায্য পারিশ্রমিক, শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা এবং উৎপাদনের ওপর রাষ্ট্রের কার্যকর নিয়ন্ত্রণ কতটা বজায় থাকছে, সেটাও বিচার করা দরকার। উৎপাদন বাড়লেও তার সুফল যদি সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে সমানভাবে বণ্টিত না হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি ও সমাজতান্ত্রিক নির্মাণের লক্ষ্য পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে না। তাই ভিয়েতনামের সামনে প্রধান চ্যালেঞ্জ শুধু দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়; সেই প্রবৃদ্ধিকে কীভাবে আরও অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমাজতান্ত্রিক অভিমুখী করা যায়, সেটাই তার আগামী দিনের বড় পরীক্ষা।
কিউবা - সাফল্যের ভিত্তি, অবরোধ ও সংকট
১৯৫৯-এর বিপ্লবের আগের কিউবায় শহর-গ্রামের বৈষম্য এবং দারিদ্র ছিল প্রকট। ইউনেস্কোর ১৯৮৪ সালের প্রতিবেদন অনুযায়ী ১৯৫৯ সালে ১০ বছরের বেশি বয়সীদের ২৩.৬ শতাংশ নিরক্ষর ছিল। অনুমান, গ্রামে এই হার ছিল প্রায় ৪১.৭ শতাংশ, আর শহরে প্রায় ১১ শতাংশ। ১৯৬১ সালের সাক্ষরতা অভিযানে আড়াই লক্ষের বেশি স্বেচ্ছাসেবী গ্রামে-গঞ্জে গিয়ে পড়ালেন। প্রায় ৭ লক্ষ মানুষ সাক্ষর হলেন, নিরক্ষরতা নেমে এল ৩.৯ শতাংশ-এ। বিশ্বব্যাঙ্কের হিসাবে আজ প্রাপ্তবয়স্ক সাক্ষরতা ৯৯.৮ শতাংশ।
স্বাস্থ্যেও ফল স্পষ্ট। জাতিসংঘ-সংস্থাগুলির অনুমানে প্রতি হাজার জন্মপ্রতি শিশুমৃত্যু ১৯৬০ সালে ছিল ৩৬.৫, যা ২০২৩ সালে নেমে হয়েছে ৬.৬। গরিব ও গ্রামের মানুষের কাছে শিক্ষা-স্বাস্থ্য পৌঁছে দেওয়ার রাষ্ট্রীয় অগ্রাধিকারই এই সাফল্যের ভিত্তি।
কিন্তু এই সাফল্য ধরে রাখা আজ কঠিন হয়েছে নানাবিধ কারণে। কিউবার বর্তমান সংকটের গভীরতা সবচেয়ে স্পষ্ট হয় তার জনসংখ্যার হিসাবে। দেশের সরকারি পরিসংখ্যান দপ্তর ONEI-র তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষে কিউবার ‘কার্যকর জনসংখ্যা’ ছিল প্রায় ১.০১ কোটি। ২০২০ সালের শেষ থেকে হিসাব করলে পাঁচ বছরে ১৬ লক্ষের বেশি মানুষ কমেছে। ২০২৫ সালে মোট বিদেশে চলে চলে যাওয়ার জনসংখ্যা ছিল ২,৪৫,২৬৪।
খাদ্য-নিরাপত্তার ক্ষেত্রেও বর্তমান চিত্র উদ্বেগজনক। মার্কিন কৃষি দপ্তরের ২০২৩ সালের হিসাবে প্রায় ১২.৮ শতাংশ মানুষ প্রয়োজনীয় ক্যালরির নিচে ছিলেন। এর পরের বছরগুলোর আলাদা কিউবা-সংখ্যা পাওয়া যায়নি, ফলে ২০২৬ সালের জ্বালানি অবরোধের প্রভাব এই হিসাবে ধরা নেই।
এই সংকটের কারণ নিয়ে কিউবার কমিউনিস্ট পার্টির অবস্থান স্পষ্ট। পার্টির প্রথম সম্পাদক ও রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-কানেল দায়ী করেছেন অমানবিক মার্কিন অবরোধকেই। তাঁর কথায়, জানুয়ারি ২০২৬ থেকে চলা ‘মার্কিন তেল অবরোধ’ দীর্ঘ বিদ্যুৎ-বিভ্রাট এবং খাদ্য, জ্বালানি, পানীয় জল ও ওষুধের ঘাটতি ঘটিয়েছে। এখন কিউবা এক ‘অবরুদ্ধ দুর্গ’। 
একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, সংকটের কিছু বাধা ‘বাইরে থেকে বা অবরোধ থেকে’ আসেনি। জুন ২০২৬-এ পলিটব্যুরোর সভায় তিনি জরুরি পরিবর্তনে চীন ও ভিয়েতনামকে সম্ভাব্য মডেলকে উল্লেখ করেন, এবং বেসরকারি ক্ষেত্রের সম্প্রসারণ ও প্রবাসী কিউবানদের বিনিয়োগকে সংস্কারের লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন। বেসরকারি সম্পদ ও বৈষম্য নিয়ে জনউদ্বেগের কথা মানলেও তিনি জোর দিয়ে বলেছেন, এই সংস্কার সমাজতন্ত্র থেকে সরে আসা নয়।
এর পেছনে দীর্ঘদিনের মার্কিন অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধ আছে, যা লেনদেন, অর্থায়ন, প্রযুক্তি ও আমদানিতে দীর্ঘস্থায়ী বাধা তৈরি করেছে। ২০২৪ সালের অক্টোবরে রাষ্ট্রসংঘ সাধারণ সভা ১৮৭–২ ভোটে (বিরত ১) অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাস করেছে, যা মার্কিন প্রশাসন আবারও অগ্রাহ্য করেছে।
২০২১ সালের কিউবার কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেসে রাউল কাস্ত্রো স্বীকার করেছিলেন, অর্থনৈতিক মডেলের কাঠামোগত সমস্যা কাজ ও উদ্ভাবনে উৎসাহ দেয় না, আর আর্থিক সংস্কারের নকশা ও প্রয়োগেও কিছু ভুল হয়েছে। ২০২৬ সালের জুনের ‘অসাধারণ প্লেনাম’-এ পার্টি এই সংকটকে ‘বিশেষ পর্ব’-এর পর সবচেয়ে গুরুতর বলেছে এবং ১৭৬টি প্রস্তাবের এক প্যাকেজ অনুমোদন করেছে। এতে বেসরকারি পুঁজির জন্য বেশি সুযোগ ও বাজারের স্বীকৃতি আছে, আবার রাষ্ট্রীয় উদ্যোগের মূল ভূমিকা ও সমাজতান্ত্রিক মালিকানা ধরে রাখার কথাও আছে। প্লেনামের ভেতরেই অসাম্য ও সম্পদের কেন্দ্রীভবনের ঝুঁকি নিয়ে সতর্কবাণী উঠেছে। এখন কিউবার সামনে পরীক্ষা – সংস্কারের মাধ্যমে সামাজিক সাফল্য টিকিয়ে রেখে বৈষম্য ঠেকাতে পারে কি না!
লাওস - বিপ্লবোত্তর অর্জন ও অসমাপ্ত কাজ
১৯৭৫ সালে রাজতন্ত্রের অবসান ও লাওস গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সময় এই দেশ ছিল অনুন্নত। বিশ্বব্যাঙ্কের তথ্যে তখন সেদেশে মানুষের গড় আয়ুষ্কাল ছিল মাত্র ৪৬ বছর, ২০২৩ সালে তা বেড়ে হয়েছে প্রায় ৬৯। প্রতি হাজার জীবিত জন্মে শিশুমৃত্যু ১৯৭৮ সালে ছিল ১৩৫, ২০২৪ সালে সেটা কমে হয়েছে মাত্র ২৭। তরুণদের সাক্ষরতার হার ২০২২ সালে ৯৫ শতাংশ। জাতীয় দারিদ্র্য ২০১২ সালের ২৪.৬ শতাংশ থেকে ২০২৪ সালে ১৫ শতাংশ-এ নেমেছে, বৈষম্যও কমেছে।
তবে সাফল্যের পাশে ফাঁকও বড়। প্রাপ্তবয়স্ক সাক্ষরতা এখনও প্রায় ৭৬ শতাংশ (ইউনেস্কো, ২০২৩)। শিক্ষায় সরকারি ব্যয় জিডিপির ১.২ শতাংশ, পাঁচ বছরের কম বয়সী শিশুদের এক-তৃতীয়াংশ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছে। ১৯৮৬ সাল থেকে লাওস বেসরকারি উদ্যোগ ও বাজারমুখী সংস্কারের পথে হেঁটেছে। এখন সরকারি ও সরকার-গ্যারান্টিপ্রাপ্ত ঋণ জিডিপির প্রায় সরকারি হিসাবে ৮৮ শতাংশ। ২০২৪ সালের মাঝামাঝি মূল্যবৃদ্ধি ছিল ২৬.২ শতাংশ, ২০২৫-এর মার্চে সেটা কমে হয়েছে ১১.২ শতাংশ। বিশ্বব্যাঙ্কের সমীক্ষায় প্রায় এক-তৃতীয়াংশ পরিবার খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষায় খরচ কমিয়েছে। লাওসে জাতীয় স্তরে দারিদ্র্যের হার কমলেও শহরাঞ্চলে তার বিপরীত প্রবণতা দেখা গেছে। ২০১৮–১৯ সালে শহরাঞ্চলে দারিদ্র্যের হার ৭ শতাংশ থাকলেও ২০২৪–২৫ সালে তা বেড়ে ৮.৯ শতাংশে দাঁড়িয়েছে। বিপরীতে, গ্রামাঞ্চলে এই হার ২৩.৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে।
লাওস পিপলস রেভল্যুশনারি পার্টির-র ১২তম কংগ্রেস (জানুয়ারি ২০২৬) স্বীকার করেছে, ২০২১–২৫ সালে গড় মূল্যবৃদ্ধি ছিল প্রায় ১৭.৮ শতাংশ, যেখানে লক্ষ্য ছিল ৬ শতাংশ-এর নিচে নামিয়ে আনা। স্কুলে ড্রপ-আউট, শিক্ষকের ঘাটতি ও শ্রমিকের বাইরে চলে যাওয়াও এই প্রতিবেদনের স্বীকৃত দুর্বলতা। পার্টির সর্বশেষ কংগ্রেস অঙ্গীকার করেছে - বিপুল ঋণের বোঝা কমানো হবে, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য এক অঙ্কে নামানো, ৬+৩+৩ কাঠামোয় শিক্ষা-সংস্কার এবং গ্রামস্তরে মৌলিক স্বাস্থ্যসেবাই হবে আগামীর কাজ। এই লক্ষ্যগুলো বাস্তবে কতটা পূরণ হয়, সেটাই লাওসের সমাজতান্ত্রিক নির্মাণের পরীক্ষা।
ক্রমশ......
সম্পূর্ণ প্রতিবেদনটি পাঁচটি পর্বে প্রকাশিত
প্রকাশ: ১১-নভেম্বর-২০২৬
শেষ এডিট:: 10-Nov-26 04:14 | by 3
Permalink: https://cpimwestbengal.org/socialist-countries-of-this-era-success-challenges-and-struggles
Categories: Fact & Figures
Tags: cubanrevolution, november revolution, octoberrevolution, socialistcuba, vietnam, laos
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (192)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (176)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (92)
- Highlight - হাইলাইট (103)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (156)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (19)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)




