|
আজকের পুঁজিবাদ ও শ্রমজীবী মানুষের লড়াইMadhuja Sen Roy |
ভারতের শ্রমজীবী মানুষের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হল শ্রমিক বিরোধী শ্রমকোডকে বাতিল করাতেই হবে। আন্তর্জাতিক শ্রম ও কনভেনশনের ৪৫ ও ৪৬ তম সুপারিশ মেনে প্রকল্প কর্মীদের শ্রমিকের মর্যাদা আদায় করতে, নূন্যতম ৪২০০০ টাকা মজুরি এবং ২১ হাজার টাকা সার্বজনীন পেনশনের দাবিতে, বিপুল সরকারি শূন্য পদে নিয়োগের দাবিতে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগের বিরুদ্ধে, ১০০ দিনের কাজের অধিকার সুনিশ্চিত করতে হবে। |
কোনো প্রশ্নের উত্তর জানা নেই? যেকোনো ভাষায় অনুবাদ করতে হবে? ঘরের সাজসজ্জা কেমন হবে তা নিয়ে মতামত চাই? গুগল জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে। আছে এরকম আরো বেশ কিছু সফটওয়্যার। গুগলের translation আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে, তাই না? বেশ চলুন, এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু তথ্য।২০২৬ সালে বিশ্বের শীর্ষ চারটি সংস্থা মাইক্রোসফট ওপেন আই, গুগল জেমিনি, অ্যামাজন অ্যানথ্রোপিক এবং মেটা এ আই মিলিতভাবে প্রায় ৭০০ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে উন্নততর করার জন্য। বিশেষজ্ঞদের অনুমান ২০৩০ সালে এই লগ্নিকৃত অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২.৪ ট্রিলিয়ন ডলার যা ভারতের জিডিপির প্রায় ৬০%। একই সাথে এ কথাও বলতে হয় এই চারটি সংস্থা মিলে মোট ৬৩ হাজার ৪০০ কর্মী সংকোচন করেছে ইতিমধ্যে এবং ইঙ্গিত দিয়েছে আগামী দিনে আরও বেশি কর্মী ছাটাই এর পথে হাঁটবেন তারা। পুঁজিবাদী ব্যবস্থার সূচনায় যে প্রযুক্তি উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হত, সেই প্রযুক্তি আজ পুঁজিবাদীদের অতিরিক্ত মুনাফা লাভের লোভে মানব সভ্যতার অভিশাপে পরিণত হতে চলেছে। ২০২৩ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার পিতামহ হিসেবে পরিচিত হিলটন বলেছিলেন যে এই এ আই টেকনোলজি আগামী ৩ দশকের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এবং এই কারণ দেখিয়েই তিনি গুগল থেকে পদত্যাগ করেছিলেন। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যান্থ্রোপিকের অন্যতম প্রধান গবেষক জ্যাকব কক্সন পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে এন্থ্রোপিক সহ পৃথিবীর শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সংস্থাগুলো মানবজাতির সুরক্ষার কথা চিন্তা না করে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এক লাগাম ছাড়া প্রতিযোগিতায় মেতে উঠেছে। তারা যে কোন উপায়ে সুপার ইন্টেলিজেন্স বা অতি বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এ আই এজেন্ট তৈরি করতে চাইছে। তিনি সতর্ক করে বলেছেন যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা দ্রুতগতিতে বাড়ছে তাতে ২০৩০ সালের মধ্যে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি হিল্টনের থেকে আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী দশকের মধ্যে মানবজাতির বিলুপ্ত হওয়ার আশঙ্কা ১০% এরও বেশি। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণার দ্রুত উন্নতি ঘটছে, তাতে এরপর এই সফটওয়্যার গুলি শুধুমাত্র একটি নির্দিষ্ট তথ্যভাণ্ডার নিয়ে আর কাজ করবে না চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন তথ্য প্রয়োজন কোথা থেকে সেটা সংগ্রহ করতে হবে পরের ধাপে কি কাজ করা দরকার সেই সিদ্ধান্ত নেবার এবং প্রয়োজনীয় প্রোগ্রামিং সে নিজেই তৈরি করে নিতে পারবে। বিশেষজ্ঞদের অনুমান ২০৩০ সালের মধ্যেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্তেলিজেন্স বা মানুষের সমান বুদ্ধি সম্পন্ন এআই এজেন্ট তৈরি হয়ে যাবে এবং পরবর্তীকালে এমন আর্টিফিশিয়াল সুপার এন্টিলিজেন্স এজেন্ট তৈরি হবে যা মানুষের থেকেও অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন হবে। পৃথিবী বিখ্যাত গবেষক ও এই সাবধান বাণীকে বিন্দুমাত্র পাত্তা না দিয়েই বিশ্বের বড় বড় কোম্পানিগুলি এই গবেষণার কাজ এবং তাকে বিভিন্নভাবে প্রয়োগ করার কাজও চালিয়ে যাচ্ছে। শুধুই বিজ্ঞানের গবেষণা? শুধুই উন্নততর প্রযুক্তি আবিষ্কারের নেশা? না, এর পেছনে রয়েছে লাভ বাড়ানোর অংকও। প্রতিদিন নিজেদের মুনাফা বাড়ানোর দৌড়ে শামিল এই বিশ্বের বড় বড় কর্পোরেট সংস্থাগুলি। সামগ্রিকভাবে,মানব সভ্যতার লাভ হলো না ক্ষতি সেদিকে নজর দিতে বয়েই গেছে ওদের। পুঁজিবাদী ব্যবস্থার মূল ভিত্তি হলো উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা এবং শ্রমশক্তির ব্যবহারের নামে শ্রমিক শ্রেণীকে শোষণ করে মুনাফা অর্জন। অন্যদিকে, শ্রমিক শ্রেণি তার শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা এবং শোষণমুক্ত জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস তাঁদের ঐতিহাসিক বিশ্লেষণে দেখিয়েছিলেন, পুঁজিবাদী সমাজের অভ্যন্তরেই পুঁজিপতি ও শ্রমিক শ্রেণির মধ্যে স্বার্থের মৌলিক বিরোধ বিদ্যমান। একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, বিশ্বায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল অর্থনীতির বিকাশ পুঁজিবাদের চরিত্রে নানা পরিবর্তন এনেছে। শ্রম ও পুঁজির মধ্যেকার মৌলিক দ্বন্দ্বও নতুন নতুন রূপে প্রকাশিত হচ্ছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।ভারতের মতো উন্নয়নশীল দেশে পুঁজিবাদী বিকাশের সঙ্গে শ্রমিক শ্রেণির সংকট গভীরভাবে যুক্ত। একদিকে ডিজিটাল অর্থনীতির প্রসার ঘটছে; অন্যদিকে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থানের প্রশ্নে অসংগঠিত ক্ষেত্রের ওপর নির্ভরশীল। নীতি আয়োগের প্রকাশিত তথ্য অনুযায়ী, (PLFS ২০২৩-২৪-এর তথ্যের ভিত্তিতে) ভারতের মোট কর্মরত মানুষের প্রায় ৮৭ শতাংশ অসংগঠিত ক্ষেত্রে সঙ্গে যুক্ত। ভারতের শ্রমিকদের প্রধান সমস্যাগুলির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরির অভাব, চুক্তিভিত্তিক নিয়োগ, শ্রমিক ছাঁটাই, অতিরিক্ত কর্মঘণ্টা, সামাজিক সুরক্ষার অভাব এবং ট্রেড ইউনিয়নের অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা। কৃষি থেকে শিল্পে এবং গ্রাম থেকে শহরে আসা বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকও নানা ধরনের শোষণ ও অনিশ্চয়তার সম্মুখীন হন। ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ভারতে চারটি নতুন শ্রমবিধি কার্যকর হয়েছে। এগুলি ২৯টি কেন্দ্রীয় শ্রম আইনকে চারটি কোডের মধ্যে সংহত করেছে। এক কথায় এই শ্রমকোডগুলি আসলে শ্রমিক স্বার্থবিরোধী এবং মালিকের স্বার্থবাহী শ্রমকোড। আইন গুলি মেনে চলার ক্ষেত্রে নিয়োগকর্তাদের অধিক নমনীয়তা যেমন দেওয়া হয়েছে, তেমনই বৈধতা পেয়েছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। আন্দোলন করার, ধর্মঘট করার এবং সর্বোপরি ইউনিয়ন করার অধিকার সংকুচিত হয়েছে। খর্ব হয়েছে সমকাজে সম মজুরির অধিকার। শিক্ষা এবং স্বাস্থ্যের মতন পরিষেবা ক্ষেত্রগুলিতে কর্মরত শ্রমিকদের এবং প্রকল্পকর্মীদের এই কোডের আওতার বাইরে রাখা হয়েছে।এর ফলে আসলে শুধুমাত্র শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, সর্বত্রই চুক্তিভিত্তিক নিয়োগ এবং শ্রমিকের দর-কষাকষির ক্ষমতা দুর্বল হবে। তাই, শ্রমিকের অধিকার রক্ষা করতে আইনের বদলে কোড নয়, চাই শাসকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন বা শ্রমিকের স্বার্থবাহী বিকল্প দৃষ্টিভঙ্গির সরকার। অতীতে শ্রমিক আন্দোলনের প্রধান ক্ষেত্র ছিল শিল্পাঞ্চল ও কারখানা। ট্রেড ইউনিয়নের নেতৃত্বে ধর্মঘট, মজুরি বৃদ্ধি এবং কর্মপরিবেশের দাবিতে সংগঠিত আন্দোলন গড়ে উঠত। কিন্তু বর্তমানে শ্রমিক শ্রেণি নানা পেশা, অঞ্চল ও কর্মসংস্থানের ধরনে বিভক্ত। স্থায়ী শ্রমিক, অস্থায়ী শ্রমিক, চুক্তিভিত্তিক কর্মী এবং গিগ শ্রমিকদের স্বার্থের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। এই বিভাজন পুঁজিপতিদের পক্ষে শ্রমিকদের ঐক্য দুর্বল করার সুযোগ সৃষ্টি করে। এই পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন ধরনের শ্রমিকদের সংগঠিত করা। নারী শ্রমিক, পরিযায়ী শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং ডিজিটাল প্ল্যাটফর্মের শ্রমিকদের আন্দোলনের মূল ধারায় নিয়ে আসতে হবে। শুধু মজুরি বৃদ্ধির দাবি নয়, কর্মসংস্থানের নিশ্চয়তা, সমান কাজের সমান মজুরি, মাতৃত্বকালীন সুবিধা, পেনশন, স্বাস্থ্যসুরক্ষা এবং সংগঠিত হওয়ার অধিকারও আন্দোলনের গুরুত্বপূর্ণ দাবি। এই সময়কালে হরিয়ানা এবং নয়ডার শ্রমিক আন্দোলন গোটা দেশের শ্রমিক আন্দোলনের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দুটি জায়গাতেই শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা,কর্মক্ষেত্রের নিরাপত্তা সহ একাধিক দাবি নিয়ে রাস্তায় নেমে নাছোড়বান্দা আন্দোলন করেছে। শয়ে শয়ে শ্রমিককে অন্যায্যভাবে গ্রেফতার করা সহ বিভিন্ন উপায়ে দমন পীড়ন নামিয়ে এনেছিল হরিয়ানা এবং উত্তরপ্রদেশের সরকার। এমনকি শ্রমিক আন্দোলনকে পাকিস্তানের মদতপুষ্ট বলতেও পিছপা হয়নি তারা। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের জেদ এবং আন্দোলনের মেজাজ দুই রাজ্যের সরকারকে মজুরি বৃদ্ধির ঘোষণা করতে বাধ্য করেছে। নয়ডা আমাদের দেশের শিল্পাঞ্চলগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানে বড় কোম্পানির সাথে সাথে অনুসারী শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের সংখ্যাও নেহাত কম না। নয়ডার আন্দোলনরত শ্রমিকদের মধ্যে অধিকাংশই ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। উল্লেখ্য, এই আন্দোলনে অংশগ্রহণকারীদের একটা বড় অংশই ছিল জেন জি প্রজন্মের।নিজেদের কাজের নিরাপত্তা, সম্মানজনক মজুরির মজুরির দাবিতে তাঁদের লড়াই গোটা ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের সামনে এক অনন্য নজির তৈরি করেছে। আজকের ভারতের শ্রমজীবী মানুষের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হল শ্রমিক বিরোধী শ্রমকোডকে বাতিল করাতেই হবে। আন্তর্জাতিক শ্রম ও কনভেনশনের ৪৫ ও ৪৬ তম সুপারিশ মেনে প্রকল্প কর্মীদের শ্রমিকের মর্যাদা আদায় করতে, নূন্যতম ৪২০০০ টাকা মজুরি এবং ২১ হাজার টাকা সার্বজনীন পেনশনের দাবিতে, বিপুল সরকারি শূন্য পদে নিয়োগের দাবিতে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগের বিরুদ্ধে, ১০০ দিনের কাজের অধিকার সুনিশ্চিত করতে আগামী ১লা ডিসেম্বর সি আই টি ইউ এর ডাকে এক লক্ষ শ্রমিক দিল্লির রাস্তায় নিজেদের দাবি নিয়ে সোচ্চার হবে। আজকের শ্রমিকের কর্মক্ষেত্র আর শুধুমাত্র কলকারখানা নয়, প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকের সংখ্যা বাড়ছে। আজকের শ্রমিকেরা ছড়িয়ে রয়েছে রাস্তাঘাটে, মহল্লায় মহল্লায়। গিগ ইকোনমির যুগে দাঁড়িয়ে লড়াইটা শুধুমাত্র নিজের রাজ্য এবং দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক লগ্নিপুঁজির সাম্রাজ্যে শোষণের কাঠামোও আন্তর্জাতিক। একটি দেশের শ্রমিকদের অধিকার রক্ষা অন্য দেশের শ্রমিকদের অধিকার থেকে বিচ্ছিন্ন নয়। তাই, একাধারে আন্তর্জাতিক শ্রমিক সংহতি যেমন জরুরী, তেমনই ট্রেড ইউনিয়নগুলির স্বাধীন ও যৌথ আন্দোলনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিন বোধহয় খুব দূরে নয়, যেদিন আমাজন,ফ্লিপকার্ট,সুইগি,zomato uber এর মতন কোম্পানিগুলির শ্রমিকেরা আন্তর্জাতিক স্তরে সংগঠিত হবেন। প্রকাশের তারিখ: ১৪-নভেম্বর-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|