মানব সভ্যতার সামনে নতুন পথ - নভেম্বর বিপ্লব

Sridip Bhattacharya
মার্কসবাদের সফল প্রয়োগেই সম্ভব হলো নভেম্বর বিপ্লব। ১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে সফল হলো নভেম্বর বিপ্লব।
১৮৪৮ সালে কমিউনিস্ট ইশতেহারের মধ্য দিয়ে মার্কসবাদী মতাদর্শ প্রতিষ্ঠিত হলো। মার্কসবাদ হলো সমাজ বিজ্ঞানের তত্ত্ব। মানব সমাজের বিকাশ ধারাকে বিজ্ঞানের ভিত্তিতে বিশ্লেষণ করে মার্কস ও এঙ্গেলস দেখালেন, পুঁজিবাদ হলো শোষণহীন সমাজ ব্যবস্থার সর্বশেষ স্তর। পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ ব্যবস্থার প্রথম স্তর সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পুঁজিবাদের অবসানের মধ্য দিয়ে সমাজতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে না। সর্বহারা শ্রমিকশ্রেণির নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়েই এই সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। শোষণ মুক্ত সমাজ ও তার প্রতিষ্ঠা সম্পর্কে এই বার্তাই মার্কসবাদ উপস্থিত করল।
 
মার্কসবাদের সফল প্রয়োগেই সম্ভব হলো নভেম্বর বিপ্লব। ১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে সফল হলো নভেম্বর বিপ্লব। মার্কসবাদের অন্যতম শিক্ষা শ্রমিকশ্রেণির নিজস্ব বিপ্লবী পার্টি অর্থাৎ কমিউনিস্ট পার্টির ভূমিকা ব্যতিরেকে সর্বহারা শ্রমিকশ্রেণির নেতৃত্বে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লব বিজয় অর্জন করতে পারে না। সেই ধরনের দক্ষ কমিউনিস্ট পার্টি লেনিনের নেতৃত্বে রুশ দেশে গড়ে উঠেছিল বলেই প্রথম বিশ্বযুদ্ধের শেষকালে উদ্ভূত বিপ্লবী পরিস্থিতিকে কাজে লাগিয়ে নভেম্বর বিপ্লব সফল হয়েছিল।
 
সমাজতন্ত্র নজির স্থাপন করল
 
মার্কসবাদী তত্ত্বকে ভিত্তি করে সাম্রাজ্যবাদের বিশ্লেষণ করলেন লেনিন। লেনিন দেখালেন যে সাম্রাজ্যবাদী যুগে যেহেতু সমগ্র বিশ্ব পুঁজিবাদী শৃঙ্খলে আবদ্ধ এই শৃঙ্খলের দুর্বলতম গ্রন্থিতে চিহ্নিত করে সঠিক সময়ে আঘাত করতে পারলে (সেই দুর্বলতম গ্রন্থিতেও) সর্বহারার বিপ্লব জয়যুক্ত হতে পারে। সঠিক রণনীতি ও রণকৌশলের সমন্বয়ে রুশ বিপ্লব সফল হলো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিপ্লবের সময়ে রুশ দেশ ছিল পশ্চাদপদ পুঁজিবাদী দেশ। সেই দেশে সমাজতন্ত্র গড়ে তোলার কাজ ছিল এক কঠিন চ্যালেঞ্জ। 'নয়া অর্থনৈতিক নীতি'সহ নানা পরীক্ষা-নিরীক্ষার পথ ধরেই সমাজতন্ত্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হলো বলশেভিক পার্টি অর্থাৎ রুশ কমিউনিস্ট পার্টি। কৃষি, শিল্প, অর্থনীতি সর্বক্ষেত্রে পরিকল্পিতভাবে উন্নয়নের পথ গ্রহণ করা হলো। বিশ্বের একচেটিয়া সমাজতান্ত্রিক দেশকে ধ্বংস করার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রকে মোকাবিলা করেই জনগণকে সাথে নিয়ে সমাজতান্ত্রিক উন্নয়নের পথ ধরে রুশ দেশ অগ্রসর হয়েছে। অল্পদিনের মধ্যে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, কর্মসংস্থান, বিজ্ঞান-প্রযুক্তি, সংস্কৃতি সর্বক্ষেত্রে নজরকাড়া সাফল্য অর্জন করল। সমাজতন্ত্রের ১৩ বছরের মাথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ রুশ দেশ পরিভ্রমণকে তাঁর দর্শনের সাথে তুলনা করেছিলেন। বিশ্বকবি রুশ দেশকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওরা অসম্ভবকে সম্ভব করেছে।
 
জারশাসিত রুশ দেশকে জাতির কারাগার বলে অভিহিত করা হতো। বহু জাতি নিয়ে রুশ দেশ গঠিত হলেও রুশ জাতি ব্যতিরেকে সমস্ত জাতিগুলি ছিল বঞ্চিত, নিপীড়িত, শোষিত। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন সমস্ত জাতিগুলিকে এই বঞ্চনা, শোষণ থেকে মুক্ত করল। আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করল। মহিলা, শ্রমিকসহ সকলের অধিকার সুপ্রতিষ্ঠিত হলো। কোন পুঁজিবাদী দেশ এই অধিকারগুলি কল্পনাও করতে পারত না। মাত্র ২০-২২ বছরের মধ্যে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন অমিত শক্তির দেশে পরিণত হলো। তাইতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বে ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করার ক্ষেত্রে লালফৌজ, সোভিয়েত সরকার ও জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করলেন। প্রায় দু'কোটি রুশী প্রাণের বিনিময়ে বিশ্বকে ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত করা সম্ভব হলো। বিশ্বজুড়ে সমাজতন্ত্রের প্রতি শ্রদ্ধা ও আস্থা বৃদ্ধি পেল।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে বিশ্বে সমাজতান্ত্রিক শিবির গড়ে উঠল। ফ্যাসিবাদ পরাস্ত, সাম্রাজ্যবাদ কোণঠাসা, এমতাবস্থায় দেশে দেশে স্বাধীনতার লড়াই, জাতীয় মুক্তি আন্দোলনগুলিও শক্তি অর্জন করল। ভারতও এই সময়কালে স্বাধীনতা অর্জন করল। ভারতসহ এই দেশগুলি তাদের দেশের স্বাধীন ও স্বনির্ভর বিকাশের ক্ষেত্রে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন অসাধারণ ভূমিকা পালন করল।
 
ফ্যাসিবিরোধী যুদ্ধে প্রধান ভূমিকা পালন করা সত্ত্বেও, বিশ্বযুদ্ধের অভূতপূর্ব ক্ষয়ক্ষতি সত্ত্বেও যুদ্ধ পরবর্তী পৃথিবীতে সার্বিক অগ্রগতির ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন অসামান্য নজির তৈরি করল। শিল্প-কৃষি-অর্থনীতি-সামরিক শক্তি সর্বদিক দিয়ে সোভিয়েত ইউনিয়ন শক্তির দেশে রূপান্তরিত হলো। বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে ঘটল অতুলনীয় অগ্রগতি। ইউরি গ্যাগারিন - একজন রুশী, যিনি প্রথম মানুষ হিসাবে মহাকাশে গেলেন। ভ্যালেন্টিনা তেরেশকোভা প্রথম মহিলা নভশ্চর, একজন রুশী। সাহিত্য-বিজ্ঞান-প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য অর্জন করল সোভিয়েত ইউনিয়ন। ক্রীড়া জগতে অলিম্পিকের আসরেও সমাজতান্ত্রিক দেশগুলির সাফল্যে বিশ্ববাসী চমকিত হলো।
 
এই সময়কালে চীন, উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনামে বিপ্লব জয়যুক্ত হলো। সমাজতন্ত্রের পথে তারা পা বাড়াল। সমাজতন্ত্রের সাফল্য দেশে দেশে সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ তৈরি করল। ১৯৯০-র দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নে বিপর্যয় ঘটল। এই বিপর্যয়ে বিচলিত না হয়ে, মার্কসবাদী তত্ত্বের ভিত্তিতে কমিউনিস্টরা এই বিপর্যয়ের নিম্নলিখিত কারণগুলি চিহ্নিত করলেন।
 
১) সমাজতান্ত্রিক নির্মাণ বড় বেশি কেন্দ্রীয় পরিকল্পনার অধীন হওয়ায় মানুষের আশা-চাহিদার সঙ্গে দূরত্ব তৈরি হলো। সমাজতান্ত্রিক রাষ্ট্র দূর্বল হলো।
 
২) সমাজতান্ত্রিক গণতন্ত্র উন্নততর গণতন্ত্র। পুঁজিবাদী গণতন্ত্রের ভিত্তি দুর্বল। কারণ পুঁজিবাদে মানুষের মৌলিক অধিকার অস্বীকৃত। অথচ একটা পর্যায়ের পর সমাজতান্ত্রিক গণতন্ত্রের বিকাশ শুধু দুর্বলই হলো না, তা বিকৃত হলো। পার্টি - যার মর্মবস্তু গণতান্ত্রিক কেন্দ্রিকতা, তার সঙ্গে রাষ্ট্রকে গুলিয়ে ফেলা হলো, পার্টির সিদ্ধান্ত জনগণের ওপর আরোপ করা হলো। সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাথে জনগণের দূরত্ব তৈরি হলো। দুর্বল হলো সমাজতন্ত্র।
 
৩) সমাজতান্ত্রিক চেতনা ব্যতিরেকে সমাজতন্ত্র গড়ে উঠতে পারে না। অথচ, এই সমাজতান্ত্রিক চেতনা জনগণের মধ্যে গড়ে তোলার কাজেও গুরুতর দুর্বলতা দেখা দিল। প্রতিবিপ্লবী কার্যধারার বিরুদ্ধে প্রতিরোধ সেভাবে গড়ে উঠল না।
 
৪) গুরুতর মতাদর্শগত বিচ্যুতির কারণে সমাজতন্ত্র পরিচালনায় সর্বহারা শ্রেণির মূল হাতিয়ার কমিউনিস্ট পার্টি যথেষ্ট দুর্বল হলো। পার্টির মর্মবস্তুকে খারিজ করা হলো। সাম্রাজ্যবাদের মতলবপূর্ণ প্রতিবিপ্লবকে প্রতিহত করতে ব্যর্থ হলো। মতাদর্শগত বিচ্যুতির ফলেই সমাজতন্ত্রের বিপর্যয় ঘটল।
 
বিপর্যয়ের এই গুরুত্বপূর্ণ শিক্ষা আত্মস্থ করেই বিশ্ব কমিউনিস্ট আন্দোলন অগ্রসর হচ্ছে।
 
পুঁজিবাদী ব্যবস্থা সংকটমুক্ত হতে ব্যর্থ
 
সমাজতন্ত্রের বিপর্যয়ে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা, সাম্রাজ্যবাদ উল্লাস প্রকাশ করেছিল। 'ইতিহাসের সমাপ্তি' বলেও তারা ব্যঙ্গ করেছিল। কিন্তু তারপর প্রায় ৩৫ বছর অতিক্রান্ত। বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার সংকট গভীরতর হয়েছে। আমেরিকা থেকে ভারত, অর্থাৎ বিশ্বের সমস্ত পুঁজিবাদী দেশে বেকারী, দারিদ্র্য, বৈষম্য, অভাব, গৃহহীনতা, বুভুক্ষা গুরুতরভাবে বৃদ্ধি পেয়েছে। সমস্ত পুঁজিবাদী দেশে মানুষের মৌলিক অধিকারগুলি ক্রমাগত আক্রান্ত। ধনী ও দরিদ্রের ফারাক গুরুতরভাবে বৃদ্ধি পেয়েছে।
 
সমাজতান্ত্রিক দেশগুলি অর্থাৎ চীন, ভিয়েতনাম, কিউবার অগ্রগতি মার্কস সাম্রাজ্যবাদও অস্বীকার করতে পারছে না। বিজ্ঞান-প্রযুক্তিতে স্বনির্ভর অগ্রগতির মধ্য দিয়ে সমাজতন্ত্রের উন্নয়ন ঘটছে। সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, কাজ, শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিত করার ক্ষেত্রে সমাজতন্ত্রের অভাবনীয় সাফল্য কেউ অস্বীকার করতে পারছে না।
 
যুগের কেন্দ্রীয় দ্বন্দ্ব, সমাজতন্ত্র বনাম সাম্রাজ্যবাদ, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মধ্যে প্রতিফলিত। মার্কিন সাম্রাজ্যবাদের মরিয়া প্রয়াস সত্ত্বেও সমাজতান্ত্রিক চীনের অগ্রগতিকে রোধ সম্ভব হচ্ছে না। পুঁজিবাদী সংকটে জর্জরিত মানুষ সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি আকৃষ্ট হচ্ছেন। পুঁজিবাদী ব্যবস্থার অমানবিক রূপ আরো প্রকাশ্যে আসছে। বিকল্প হিসাবে সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে।
 
নভেম্বর বিপ্লবই পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিকল্প হিসাবে সমাজতন্ত্রকে সামনে নিয়ে এসেছে। নভেম্বর বিপ্লবের ১১০তম বার্ষিকীতে দেশে দেশে পুঁজিবাদের বিরুদ্ধে তীব্রতর সংগ্রামের শপথ ধ্বনিত হচ্ছে।
 
ভারতে বিজেপি-আরএসএস সরকার - নয়া ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে
 
নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে আরএসএস-বিজেপি সরকার কর্পোরেট ও হিন্দুত্ববাদী মতাদর্শের মেলবন্ধনের সরকার। এরা নয়া ফ্যাসিবাদী পথে ভারতকে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে। একমাত্র শ্রেণি ও গণআন্দোলনের বর্ধিত শক্তি একে রুখতে পারে। শ্রেণি ও গণআন্দোলনকে আরো জোরদার করতে হবে। এইজন্যই ভারতের শ্রমিকশ্রেণির বিপ্লবী পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-কে শক্তিশালী করতে হবে। তারই সাথে হিন্দুত্ববাদী মতাদর্শের বিরুদ্ধে তীব্রতর মতাদর্শগত সংগ্রাম পরিচালনা করতে হবে। নয়া ফ্যাসিবাদকে রুখতে আর অন্য কোন পথ নেই। নভেম্বর বিপ্লবের বার্তাকে ভিত্তি করে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে আজকের কর্তব্য পালনে আমাদের অগ্রসর হতে হবে।

প্রকাশের তারিখ: ১৫-নভেম্বর-২০২৬

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org