হেঁশেলে আগুন, পকেটে টান

Samik Lahiri
সবচেয়ে ধনী ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে এই পরিমাণ গ্রামে ২,৯৪১ এবং শহরে ৩,০৯২ কিলোক্যালোরি। অর্থাৎ, দেশের এক ক্ষুদ্র ও ধনী অংশের বিলাসবহুল ক্যালোরি ভোগের পরিসংখ্যান দিয়ে সাধারণ কোটি কোটি গরিব মানুষের থালার খরা ও পুষ্টিহীনতাকে আড়াল করা হচ্ছে। 
একশো টাকার একটা নোট হাতে নিয়ে পাড়ার মুদির দোকান বা স্থানীয় বাজারে দাঁড়ালে আজকাল সময়ের হিসেবটা বড় নির্মমভাবে সামনে আসে। মাত্র পনেরো বছর আগেও (২০০৯–১১ সাল নাগাদ) কাকদ্বীপ থেকে কোচবিহার; গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই একশো টাকায় সংসারের দু'-তিন দিনের চাল, ডাল, তেল আর সবজি থলিতে ভরে বাড়ি ফিরতে পারত। আজ ২০২৬ সালের নভেম্বরে দাঁড়িয়ে সেই একই নোটে দু'কেজি সাধারণ চাল কিংবা এক কেজি ভালো মানের মুসুর ডালও ঠিকমতো জোটে না। এই পরিবর্তন কেবল কয়েকটা পণ্যের দাম বাড়ার গল্প নয়; এটা সাধারণ শ্রমজীবী, কৃষক ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের পাতে টান পড়ার এবং টিকে থাকার লড়াইয়ের বাস্তব দলিল। 

পরিসংখ্যান বনাম বাস্তব
খাদ্য উৎপাদন বাড়লেও পুষ্টি কি পৌঁছচ্ছে সাধারণ মানুষের থালায়? উৎপাদন বনাম প্রকৃত বণ্টনের নির্মম বৈপরীত্যভারতে খাদ্যশস্যের মোট উৎপাদন ও মাথাপিছু প্রাপ্যতার গ্রাফ এককথায় ঊর্ধ্বমুখী। সরকারি খাতায় দাবি করা হয়, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, গুদামের এই পরিসংখ্যান কি দেশের সাধারণ শ্রমজীবী ও প্রান্তিক মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছাচ্ছে? সরকারি তথ্যের গভীরে প্রবেশ করলেই এই স্বয়ংসম্পূর্ণতার প্রচার আর সাধারণ মানুষের পুষ্টির বাস্তব চিত্রের মধ্যে এক গভীর ও উদ্বেগজনক ফারাক স্পষ্ট হয়ে ওঠে। 

গ্রামীণ ভারতে ক্যালোরি গ্রহণের অবনতি এবং পুষ্টির বৈষম্যকেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের (MoSPI) পুষ্টি-গ্রহণ সংক্রান্ত সমীক্ষা অনুযায়ী, ২০১১-১২ থেকে ২০২৩-২৪ সালের মধ্যে গ্রামীণ ভারতে মাথাপিছু দৈনিক গড় ক্যালোরি গ্রহণ ২,২৩৩ কিলোক্যালোরি থেকে কমে ২,২১২ কিলোক্যালোরিতে নেমে এসেছে। অথচ একই সময়ে শহরাঞ্চলে এই পরিমাণ সামান্য বেড়ে হয়েছে ২,২৪০ কিলোক্যালোরি। প্রোটিন গ্রহণের ক্ষেত্রে জাতীয় গড়ে সামান্য বৃদ্ধি পরিলক্ষিত হলেও, যেমন গ্রামে ৬০.৭ থেকে ৬১.৮ গ্রাম এবং শহরে ৬০.৩ থেকে ৬৩.৪ গ্রাম; তা গ্রামীণ মানুষের পুষ্টির সামগ্রিক অবস্থাকে উন্নত করার পক্ষে যথেষ্ট নয়। খাদ্যতালিকায় প্রোটিনের উৎস বদলালেও ডালের মতো সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উদ্ভিজ্জ প্রোটিনের অবদান গ্রাম ও শহর, উভয় অঞ্চলেই কমেছে। ডিম, মাছ বা মাংসের অনুপাত কিছুটা বাড়লেও সাধারণ দরিদ্র মানুষের পক্ষে লাগামছাড়া বাজারদরের কারণে এগুলো নিয়মিত কেনা অসম্ভব হয়ে পড়েছে। 

জাতীয় গড়ের এই পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে আরও এক ভয়াবহ শ্রেণিগত বৈষম্য। ২০২৩-২৪ সালের সমীক্ষাই বলছে, গ্রামীণ ভারতের সবচেয়ে দরিদ্র ৫ শতাংশ মানুষের মাথাপিছু দৈনিক ক্যালোরি গ্রহণ ছিল মাত্র ১,৬৮৮ কিলোক্যালোরি এবং শহরে ১,৬৯৬ কিলোক্যালোরি। পক্ষান্তরে, সবচেয়ে ধনী ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে এই পরিমাণ গ্রামে ২,৯৪১ এবং শহরে ৩,০৯২ কিলোক্যালোরি। অর্থাৎ, দেশের এক ক্ষুদ্র ও ধনী অংশের বিলাসবহুল ক্যালোরি ভোগের পরিসংখ্যান দিয়ে সাধারণ কোটি কোটি গরিব মানুষের থালার খরা ও পুষ্টিহীনতাকে আড়াল করা হচ্ছে। 

মাথাপিছু ‘প্রাপ্যতা’ বনাম মানুষের ‘ক্রয়ক্ষমতা’র ভ্রান্ত হিসাব সরকার প্রায়শই দুধ ও ডিমের মাথাপিছু প্রাপ্যতার বড়াই করে থাকে। যেমন, ২০১৪-১৫ সালের ৩১৯ গ্রাম থেকে বাড়িয়ে ২০২৪-২৫ সালে মাথাপিছু দৈনিক দুধের প্রাপ্যতা ৪৮৫ গ্রাম এবং বার্ষিক ডিমের প্রাপ্যতা ৬২ থেকে বাড়িয়ে ১০৬টি করার দাবি করা হয়েছে। কিন্তু অর্থনীতিবিদদের দীর্ঘদিনের প্রশ্ন হলো, ‘মাথাপিছু প্রাপ্যতা’ এবং মানুষের ‘প্রকৃত খাদ্যগ্রহণ’ কি এক জিনিস? মোট উৎপাদনকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই গড় হিসাব কষা হয়। এর মাধ্যমে কখনই এটা প্রতিফলিত হয় না যে, দেশের তীব্র অর্থনৈতিক বৈষম্যের জাঁতাকলে পিষ্ট কোন পরিবার বাস্তবে দৈনিক কতটুকু দুধ বা ডিম কিনতে পারছে। কারণ এর মধ্যে অতি ধনী, ধনী, উচ্চবিত্তর সংখ্যাও ঢুকে রয়েছে, ফলে মাথাপিছু হিসাব প্রকৃত চিত্র কখনোই তুলে ধরে না।

বাজারে যখন সাধারণ সর্ষের তেল, চাল, ডালের পাশাপাশি দুধ ও ডিমের দাম আকাশছোঁয়া থাকে, তখন নিম্নবিত্ত বা বিপিএল (BPL) তালিকার বাইরের প্রান্তিক পরিবারগুলি পুষ্টিকর খাদ্য তালিকা থেকে ছিটকে পড়ে। উৎপাদন বাড়লেও সাধারণ মানুষের পকেটে যদি নগদ অর্থ বা ক্রয়ক্ষমতা না থাকে, তবে সেই অতিরিক্ত খাদ্যপণ্য গুদামজাত থাকে কিংবা খোলা বাজারে বিকোয়, কিন্তু গরিবের থালায় পৌঁছায় না। মূল্যবৃদ্ধির সাঁড়াশি চাপে ভেঙে পড়া গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির অধিকার, খাদ্য নিরাপত্তা কেবল কৃষকের উৎপাদিত ফসলের পরিমাণ বা সরকারি গুদামের মজুত দিয়ে মাপা যায় না। এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে মানুষের প্রকৃত আয়, মুদ্রাস্ফীতির হার এবং খোলা বাজারের লাগামছাড়া মূল্যবৃদ্ধি। 

গত দেড় দশকে একদিকে যেমন চাল, ডাল, তেল ও রান্নার গ্যাসের দাম দ্বিগুণ বা তিনগুণ হয়েছে, অন্যদিকে সেই অনুপাতে গ্রামীণ কৃষি শ্রমিক, অদক্ষ নির্মাণ শ্রমিক বা অনানুষ্ঠানিক ক্ষেত্রের কর্মীদের মজুরি বাড়েনি। গ্রামাঞ্চলে যখন মুদ্রাস্ফীতির হার শহরকে ছাড়িয়ে যায়; যেমন সাম্প্রতিক সময়ে গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি ৯ শতাংশের গণ্ডি পার হয়েছে, তখন দরিদ্র পরিবারগুলিকে বাধ্য হয়ে পেটের খিদে মেটাতে সস্তা এবং কম পুষ্টিমানসম্পন্ন খাবারের ওপর নির্ভর করতে হয়। এর ফলে শিশুদের মধ্যে দীর্ঘস্থায়ী পুষ্টিহীনতা, রক্তাল্পতা (Anemia) এবং শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার মতো মারাত্মক সংকট তৈরি হয়।  

শুধু জিডিপির প্রবৃদ্ধি বা খাদ্যশস্য উৎপাদনের বড়াই করে সাধারণ মানুষের রান্নাঘরের এই নীরব রক্তক্ষরণকে ঢেকে রাখা যায় না।

সরকারি পরিসংখ্যানের আড়ালে রান্নাঘরের নির্মম বাস্তবতা
সরকারি অর্থনীতির খাতায় মূল্যস্ফীতির হার শতাংশের হিসাবে মাপা হয়। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ১২ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে দেশে খুচরো মূল্যস্ফীতির হার গত দু'বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে অর্থাৎ ৬.০৯ শতাংশে পৌঁছেছে, যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত ৬ শতাংশের সর্বোচ্চ সহনশীলতার বিপদসীমা অতিক্রম করেছে। আরও উদ্বেগের বিষয় হলো, খাদ্যপণ্যের বার্ষিক মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৭.৭৪ শতাংশ থেকে লাফিয়ে অক্টোবরে ৮.৯৪ শতাংশে দাঁড়িয়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির আঁচ আরও তীব্র। শহরে যেখানে সামগ্রিক মূল্যস্ফীতি ৫.৪১ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৮.৬৮ শতাংশ, সেখানে গ্রামাঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতি ৬.৬৩ শতাংশ এবং গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি ছুঁয়েছে ৯.০৯ শতাংশ। তবে এগুলো সবই সরকারি হিসাব, বাস্তব এর চাইতে অনেক খারাপ।

বলে রাখা ভালো, মুদ্রাস্ফীতি হলো কারণ অর্থাৎ অর্থের জোগান বৃদ্ধি ও মুদ্রার মান হ্রাস এবং মূল্যস্ফীতি হলো তার ফলাফল, মানে বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। যদিও আধুনিক অর্থনীতিতে এবং সাধারণ আলোচনায় এই দুটি শব্দকে প্রায় সমার্থক হিসেবেই ব্যবহার করা হয়।
সরকারি নথির এই গড় হিসাব দিয়ে একটা সাধারণ পরিবারের প্রতিদিনের রক্তক্ষরণ মাপা যায় না। অর্থনীতির নিয়ম অনুযায়ী, মূল্যস্ফীতির হার সামান্য কমলেও বাজারদর আগের জায়গায় ফিরে যায় না; বরং আগের বছরগুলির চড়া দামের ওপর নতুন করে দাম বাড়তে থাকে। যে পরিবারের আয়ের সিংহভাগ খাবার, জ্বালানি ও যাতায়াতে খরচ হয়, তাদের কাছে এই গড় পরিসংখ্যানের কোনো সান্ত্বনা নেই। বাজারের থলি ছোট হতে হতে আজ নিম্ন আয়ের পরিবারের পাতে পুষ্টিকর খাবারের পরিমাণ ও বৈচিত্র্য, দুটোই আশঙ্কাজনকভাবে সংকুচিত হচ্ছে। 

পনেরো বছরের সালতামামি
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রাইস মনিটরিং ডিভিশন, কেন্দ্রীয় শ্রম ব্যুরো, রিজার্ভ ব্যাঙ্কের স্টেট স্ট্যাটিসটিক্স এবং রাজ্যের কৃষি বিপণন দপ্তর ও ব্যবসায়ী সংগঠনগুলির তথ্য বিশ্লেষণ করলে ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে আয় ও ব্যয়ের এক ভয়াবহ বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। 
নিত্যপ্রয়োজনীয় পণ্য / আয়ের সূচক
পরিমাপ    
২০১১ সালের গড় হার  
২০২৬ সালের নভেম্বর মাসের হার 
আনুমানিক বৃদ্ধির হার (শতাংশ)
চাল (সাধারণ / মিনিকেট-সেদ্ধ)  
১ কেজি
১৯.৫০ – ২২.০০ টাকা  
৪৮.৫০ – ৫১.০০ টাকা  
+১৩০ শতাংশ থেকে +১৫০ শতাংশ 
মসুর ডাল  
 ১ কেজি 
 ৪২.০০ – ৪৬.০০ টাকা 
৯০.০০ – ১১৫.০০ টাকা 
 +১১৫ শতাংশ থেকে +১৫০ শতাংশ 
অড়হর ডাল (তুর)            
১ কেজি
৬০.০০ – ৬৫.০০ টাকা  
১৩৫.০০ – ১৪০.০০ টাকা    
+১১৫ শতাংশ থেকে +১২৫ শতাংশ 
দুধ (টোনড / পাউচ)
   ১ লিটার    
২৪.০০ – ২৮.০০ টাকা     
৬০.০০ – ৬২.০০ টাকা     
+১২০ শতাংশ থেকে +১৫০ শতাংশ 
সাদা স্লাইস পাউরুটি   
 ৪০০ গ্রাম    
১৪.০০ – ১৬.০০ টাকা      
৪০.০০ টাকা   
 +১৫০ শতাংশ থেকে +১৮৫ শতাংশ 
সর্ষের তেল (প্যাকেটজাত)   
 ১ লিটার    
৭৫.০০ – ৮৫.০০ টাকা    
 ২০৫.০০ – ২১১.০০ টাকা    
 +১৪৫ শতাংশ থেকে +১৭৫ শতাংশ 
পেঁয়াজ     
১ কেজি  
 ১৫.০০ – ২০.০০ টাকা     
৫২.০০ – ৬০.০০ টাকা    
 +২০০ শতাংশ থেকে +২৫০ শতাংশ 
ডিম (পোলট্রি)         
১ ডজন   
৩৬.০০ – ৪২.০০ টাকা 
৮৪.০০ – ৯৬.০০ টাকা     
+১৩০ শতাংশ থেকে +১৪০ শতাংশ 
রান্নার গ্যাস (ভরতুকিহীন এলপিজি)         
১৪.২ কেজি 
৩৯৯.০০ – ৪১০.০০ টাকা   
৮৫০.০০ – ৯৩০.০০ টাকা     
+১১৩শতাংশ থেকে +১২৭শতাংশ 
ডিজেল (কলকাতা খুচরো মূল্য)      
 ১ লিটার 
৪১.০০ – ৪৩.০০ টাকা    
 ৯০.০০ – ৯২.০০ টাকা   
  +১১৫ শতাংশ থেকে +১২৪ শতাংশ 
গ্রামীণ কৃষি শ্রমিকের মজুরি    
 দৈনিক  
 ১৩৫ – ১৫০ টাকা       
 ৩১০ – ৩৫০ টাকা 
 +১২০ শতাংশ থেকে +১৩০ শতাংশ 
অদক্ষ নির্মাণ শ্রমিকের মজুরি     
দৈনিক  
 ১৮০ – ২২০ টাকা     
৪০০ – ৪৫০ টাকা      
+১০৫ শতাংশ থেকে +১২২ শতাংশ
বেসরকারি ক্ষুদ্র সংস্থার কর্মচারী        
মাসিক
৬,০০০ – ৮,০০০ টাকা     
১২,৫০০ – ১৫,৫০০ টাকা      
+৯৫ শতাংশ থেকে +১১০ শতাংশ

এই হিসাবেই পরিস্থিতির নির্মমতা পরিষ্কার। 


২০১১ সালে একজন পুরুষ কৃষি শ্রমিক তাঁর দৈনিক ১৩৫–১৫০ টাকা মজুরি দিয়ে প্রায় ৭ কেজি চাল অথবা ৩.৫ কেজি মসুর ডাল কিনতে পারতেন। ২০২৬ সালে তাঁর দৈনিক মজুরি ৩১০–৩৫০ টাকা হলেও, চালের দাম ৫০ টাকা ছাড়িয়ে যাওয়ায় এবং ডাল ১১০ টাকায় পৌঁছানোয় একদিনের মজুরিতে তিনি এখন ৬ কেজিরও কম চাল এবং মাত্র ২.৫ কেজি মসুর ডাল কিনতে পারেন। অন্যদিকে, বেসরকারি ক্ষুদ্র সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে ২০১১ সালে মাসিক বেতনের ২৭ শতাংশ খরচ হতো কেবল চাল, ডাল, দুধ ও পাউরুটিতে; ২০২৬ সালে বেতনের ৩৫ শতাংশেরও বেশি অর্থ কেবল এই চারটে প্রাথমিক পণ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে মানুষের সঞ্চয় তলানিতে ঠেকেছে এবং বাড়ছে মহাজনি ঋণ ও মাইক্রোফিনান্সের ওপর নির্ভরতা। 

সরকারি নীতির সাঁড়াশি চাপ
সাধারণ মানুষের এই দুর্দশার পেছনে বাজারের স্বাভাবিক ওঠানামার চেয়েও সরকারের ভ্রান্ত রাজস্ব, বাণিজ্য ও কর নীতির দায় অনেক বেশি। 

•    জ্বালানির ওপর চড়া শুল্ক - পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল (পিপিএসি)-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক ও 'কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস' বাড়িয়ে রাজস্ব আদায় করেছে। ২০১৪ সালের জুনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১০৯.০৫ ডলার। সেই সময়ে দেশে ২০১৪ তারিখে কলকাতায় দাম ছিল - পেট্রোল ৮০.২৫ টাকা/লিটার এবং ডিজেল ৫৯.৫০ টাকা/লিটার। ২০২৬ সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় দাম ছিল  ব্যারেল প্রতি ১১৯.৯১ ডলার। কিন্তু ২৮ অক্টোবর ২০২৬ তারিখে পেট্রোল ছিল ১১৩.৫১ টাকা/লিটার এবং ডিজেল ৯৯.৮২ টাকা/লিটার। ২০১৪–১৫ থেকে ২০২৫–২৬ অর্থবর্ষ, এই ১২টা অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের মোট সেস/কর/শুল্ক বাবদ আদায় করেছে প্রায় ৩৭.৫৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ প্রতি বছর গড়ে ৩.১৩ লক্ষ কোটি টাকার বোঝা দেশের মানুষের পকেট থেকে আদায় করেছে সাধারণ মানুষের পকেট থেকে। দেশের প্রায় ৭০ শতাংশ কৃষি ও শিল্পপণ্য সড়কপথে পরিবাহিত হওয়ায় ডিজেলের এই চড়া দাম প্রতিটি ভোগ্যপণ্যের খুচরো মূল্য বাড়িয়ে দিয়েছে। 

•    রান্নার গ্যাস - পাশাপাশি রান্নার গ্যাসের ভরতুকি কার্যত প্রত্যাহার করায় সাধারণ মানুষের হেঁশেলের খরচ আকাশছোঁয়া হয়েছে। রান্নার গ্যাসের ক্ষেত্রেও সাধারণ মানুষের ব্যয়ের পরিবর্তন উল্লেখযোগ্য। ২০১৪ সালের মে মাসে কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের ভর্তুকিযুক্ত দাম ছিল ৪১৪ টাকা। ২০২৬ সালের অক্টোবর মাসে একই সিলিন্ডারের ভর্তুকিবিহীন দাম দাঁড়ায় ৯৬৮ টাকা। অর্থাৎ ঘোষিত দাম বেড়েছে ৫৫৪ টাকা, প্রায় ১৩৪ শতাংশ।

•    খাদ্যপণ্যে জিএসটি-র বোঝা - পরোক্ষ করের বৈশিষ্ট্যই হলো, ধনী ও গরিব সবার পকেট থেকেই সমান হারে টাকা কাটা হয়। ২০২২ সালের ১৮ জুলাই থেকে কেন্দ্রীয় সরকার প্রি-প্যাকেজড ও লেবেলযুক্ত চাল, গম, আটা, ডাল, দই, পনির, লস্যি, মুড়ি ও চিঁড়ের ওপর ৫ শতাংশ জিএসটি চালু করে। এর ফলে আগে যে সব নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মূলত খোলা অবস্থায় বিক্রির ক্ষেত্রে করমুক্ত ছিল, সেগুলির নির্দিষ্ট প্যাকেটজাত ও লেবেলযুক্ত সংস্করণেও করের বোঝা যুক্ত হয়। এই কর চাপানোর নীতি নিম্নবিত্ত পরিবারের প্রকৃত ক্রয়ক্ষমতাকে সরাসরি আঘাত করেছে। 

•    টাকার অবমূল্যায়ন ও আমদানিকৃত মুদ্রাস্ফীতি - ভারত তার চাহিদার প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এবং ৬০–৭০ শতাংশ ভোজ্যতেল বিদেশ থেকে আমদানি করে। ২০১১ সালে এক মার্কিন ডলারের দাম ছিল ৪৫–৪৮ টাকা, যা ২০২৬ সালে অবমূল্যায়িত হয়ে ৯৫–৯৭ টাকার ঘরে পৌঁছেছে। এর ফলে আমদানি করা ভোজ্যতেল, ডাল ও রাসায়নিক সারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। তার ওপর সারের ভরতুকি যৌক্তিকীকরণের নামে ডিএপি ও পটাশ সারের দাম বাড়ায় কৃষকদের উৎপাদন ব্যয় বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে চালের খুচরো দামে। ২০১৪–১৫ অর্থবর্ষে ৫০ কেজি ডিএপি সারের গড় দাম ছিল প্রায় ১,২০০ টাকা এবং পটাশের (এমওপি) দাম ছিল প্রায় ৮০০ টাকা। ২০২৫–২৬ অর্থবর্ষে পটাশের গড় খুচরো দাম বেড়ে প্রায় ১,৭১১ টাকা হয়। অন্যদিকে, ২০২৬ সালে কেন্দ্রীয় সরকার বিশেষ আর্থিক সহায়তার মাধ্যমে ৫০ কেজি ডিএপি সারের দাম ১,৩৫০ টাকায় ধরে রাখে।

মজুতদারি, খাদ্য সংকটের আশঙ্কা 
কৃষি বিপণন ও মজুত সংক্রান্ত নীতিগুলিও সাধারণ মানুষের সংকটকে আরও ঘনীভূত করেছে। ২০২০ সালে অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের মাধ্যমে মজুতসীমা আরোপের শর্ত শিথিল করার ফলে বৃহৎ বাণিজ্যিক সংস্থা ও কৃষি-বাণিজ্য কর্পোরেশনগুলি ফসল ওঠার মরশুমে কম দামে বিপুল পরিমাণ ডাল ও ভোজ্যতেল মজুত করার সুযোগ পেয়েছে। পরবর্তীতে জোগানে সামান্য ঘাটতি দেখা দিলেই খুচরো বাজারে কৃত্রিম সংকট ও 'গ্রিডফ্লেশন' বা মুনাফা-চালিত মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছে। ২০২৬ সালের অক্টোবরে জাতীয় স্তরে পেঁয়াজের মুদ্রাস্ফীতি ১১৬.২২ শতাংশ, রসুনের ৬০.৭৪ শতাংশ এবং আদার ৪৮.৩২ শতাংশে পৌঁছানো অপর্যাপ্ত সরকারি বাফার স্টক ও হিমঘর পরিকাঠামোর চরম ব্যর্থতাকেই প্রমাণ করে। 

এই সামগ্রিক অব্যবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির তীব্রতার মাঝেই দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে শাসক শিবিরের শীর্ষ মহলের মন্তব্য নতুন করে বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। সম্প্রতি বিদেশমন্ত্রীর বক্তব্যে দেশে খাদ্য সংকটের পরিস্থিতির যে ইঙ্গিত উঠে এসেছে, তা সরকারি নীতির চরম ব্যর্থতাকেই আরও স্পষ্ট করে তোলে। একদিকে সরকার যখন অর্থনৈতিক উন্নয়নের পরিসংখ্যান পেশ করছে, অন্যদিকে খোদ মন্ত্রীর মুখে খাদ্য সংকটের কথা সাধারণ মানুষের দীর্ঘদিনের আশঙ্কা এবং প্রতিদিনের বাজারের তিক্ত অভিজ্ঞতাকেই সিলমোহর দিচ্ছে।

পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র ও সাম্প্রতিক ছ'মাসের অভিজ্ঞতা
পশ্চিমবঙ্গে কেন্দ্রের নীতির পাশাপাশি রাজ্য প্রশাসনের উদাসীনতা ও ফড়ে-সিন্ডিকেটরাজ নিয়ন্ত্রণে ব্যর্থতা সাধারণ মানুষকে অগ্নিমূল্য বাজারের হাতে ঠেলে দিয়েছে। 
•    কৃষক বনাম ক্রেতার বৈষম্য - পূর্ব বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের আলু উৎপাদক এলাকায় হিমঘরের গেটে কুইন্টাল প্রতি ৭৫০–৮০০ টাকা দরে আলু বিক্রি হলেও সেই অর্থের পুরোটাই চাষির হাতে পৌঁছয় না। হিমঘরের ভাড়া, সংরক্ষণ, বাছাই, বস্তা, পরিবহণ ও ফড়ে-দালালদের খরচ বাদ দেওয়ার পর চাষির প্রকৃত প্রাপ্তি আরও কমে যায়। ২০২৬ সালের অক্টোবরের রাজ্যস্তরের এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গ হিমঘর মালিক সমিতির প্রতিনিধির বক্তব্য অনুযায়ী, জ্যোতি আলুর ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৫০০ টাকা হিমঘর-গেটের দামের মধ্যে চাষির প্রকৃত প্রাপ্তি ছিল মাত্র ১৫০–১৭০ টাকা। অর্থাৎ প্রকৃত কৃষক দাম পাচ্ছে কেজি প্রতি ১.৫০-১.৭০ টাকা। অথচ শহরের খুচরো বাজারে ক্রেতাদের সেই আলু কিনতে হচ্ছে ২০–২৫ টাকা কেজি দরে। পর্যাপ্ত সরকারি ক্রয় কেন্দ্র না থাকায় এবং ধান ক্রয়ে 'ধলতা'র দৌরাত্ম্যে কৃষকরা অভাবী বিক্রিতে বাধ্য হচ্ছেন। এই হিসাব তিন জেলার পৃথক দর নয়, তবে হিমঘর-গেটের দাম ও কৃষকের হাতে পৌঁছনো অর্থের ব্যবধান বুঝতে সাহায্য করে।

•    শ্রমজীবী মানুষের হাহাকার - ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা দৈনিক ২৫০ টাকা মজুরি পেয়ে জলপাইগুড়ি বা বানারহাটের বাজারে ২১০–২১৫ টাকা লিটার সর্ষের তেল ও ৫০–৫২ টাকা কেজি চাল কিনতে গিয়ে নিঃস্ব হচ্ছেন। মুর্শিদাবাদের ১০ লক্ষেরও বেশি বিড়ি শ্রমিক হাজার বিড়ি বেঁধে মাত্র ১৫০–১৮০ টাকা পেয়ে ৯৬০ টাকার রান্নার গ্যাস বা ১১০ টাকার মসুর ডাল কেনার কথা ভাবতেই পারছে না। নদিয়ার শান্তিপুর-ফুলিয়ার তাঁতশিল্পীরা সুতো-রঙের জিএসটি ও বিদ্যুৎ মাশুলের চাপে দিনে ২৫০–৩০০ টাকা রোজগারে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে, ডিজেলের চড়া দামে পূর্ব মেদিনীপুর ও সুন্দরবনের মৎস্যজীবীদের ট্রলার চালানোর খরচ আড়াই গুণ বেড়েছে। চটকলের দৈনিক ৪০০ থেকে ৫৫০ টাকা মজুরি পাওয়া শ্রমিকের সংসারে গভীর অন্ধকার নেমে এসেছে। 

•    সাম্প্রতিক ছ'মাসের হিসাব - গত ছ'মাসে রাজ্যে চাল, ডাল, দুধ, তেল ও সবজির দাম ৯ থেকে ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং কোনো কোনো সবজির দাম দ্বিগুণ হয়েছে। খোলা সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৩৫–১৪০ টাকা থেকে বেড়ে ১৬৫–১৭০ টাকায় এবং খুচরো বাজারে প্রতিটি ডিমের দাম সাড়ে সাত থেকে আট টাকায় পৌঁছেছে। অথচ রাজ্য শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী শিল্পাঞ্চলের অসংগঠিত ও ক্ষুদ্র শিল্পের কর্মীদের ন্যূনতম মজুরি বেড়েছে গড়ে মাত্র ১.৬৫ থেকে ১.৬৬ শতাংশ (দৈনিক ৩৯৯ টাকা থেকে ৪০৬ টাকা)। অর্থাৎ, মূল্যবৃদ্ধির তুলনায় মজুরি বৃদ্ধির হার কার্যত শূন্যের শামিল। 

বামপন্থীদের বিকল্প পথের সন্ধান
খাদ্য, জ্বালানি, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক বিষয়গুলিকে সম্পূর্ণভাবে মুনাফালোভী বাজারের হাতে ছেড়ে দেওয়া কোনো জনকল্যাণমূলক রাষ্ট্রের নীতি হতে পারে না। রাজ্যের 'সুফল বাংলা' স্টলের অপ্রতুলতা এবং রেশন ব্যবস্থার দুর্নীতি দূর করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হলে অর্থনৈতিক নীতির আমূল পরিবর্তন জরুরি। 

১. সর্বজনীন গণবণ্টন ব্যবস্থা শক্তিশালী করা - রেশন দোকানের মাধ্যমে বিনামূল্যের চাল-গমের পাশাপাশি ভরতুকিযুক্ত দামে মসুর ডাল, ভোজ্যতেল, চিনি ও নুন সহ ১৪টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে। 

২. খাদ্য ও জ্বালানিতে কর প্রত্যাহার - চাল, ডাল, আটা, দই সহ সমস্ত খাদ্যসামগ্রীকে সম্পূর্ণ জিএসটি-মুক্ত করতে হবে এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ওপর থেকে কেন্দ্রের উৎপাদন শুল্ক ও রাজ্যের ভ্যাট কমাতে হবে। 

৩. মজুতদারি দমন ও কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য - অত্যাবশ্যকীয় পণ্য আইনের কঠোর ধারা পুনর্বহাল করে কর্পোরেট ও ফড়েদের কালোবাজারি বন্ধ করতে হবে এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি উদ্যোগে সর্বনিম্ন সংগ্রহ মূল্য ঘোষণা করে কৃষকদের কাছ থেকে সেই মূল্যে ফসল কেনার ব্যবস্থা করতে হবে। 

৪. ‘ভিবিজি রামজী’ প্রকল্পে কাজ এবং মজুরি - শহর এবং গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও ন্যূনতম মজুরি আইনি কাঠামোর আওতায় সুরক্ষিত করতে হবে। ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ প্রকল্পে বছরে ২০০ দিন কাজের নিশ্চয়তা এবং ন্যূনতম ৬০০ টাকা মজুরি দিতে হবে। 

৫. পুষ্টির অধিকার - দেশের প্রতিটি নাগরিকের অন্ন ও পুষ্টির অধিকার নিশ্চিত করতে হবে। 

৬. সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা - অবাধ বাজার অর্থনীতির মুনাফা কেন্দ্রিক নীতির হাত থেকে খাদ্যপণ্যকে মুক্ত করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে।

একটা দেশের অর্থনৈতিক সাফল্যের আসল পরীক্ষা শেয়ারবাজারের সূচক বা জিডিপির অঙ্কে হয় না; সেই পরীক্ষা হয় সাধারণ মানুষের রান্নাঘরে। দিনের শেষে একজন শ্রমজীবী মানুষ তাঁর উপার্জিত অর্থে পরিবারের জন্য দু'মুঠো পুষ্টিকর খাবার জোগাড় করতে পারছেন কি না, আর রাষ্ট্র মানুষের হেঁশেলের সেই আগুন নেভাতে দায়বদ্ধ কি না, সেটাই সরকারের সাফল্য বা ব্যর্থতার প্রকৃত মাপকাঠি। এই মাপকাঠিতে বিজেপি’র ডবল ইঞ্জিনের সরকার ডাহা ফেল।
প্রকাশের তারিখ: ১৯-নভেম্বর-২০২৬

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org