নভেম্বর বিপ্লবের আলোয় সংস্কৃতির পথ চলা

Author
চন্দন মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথসহ বহু বিশিষ্ট লেখক, শিল্পী ও বুদ্ধিজীবী ফ্যাসিবাদ ও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন। মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, গোপাল হালদার, সরোজ দত্ত প্রমুখ এই ধারাকে সমৃদ্ধ করেন। ১৯৪২ সালে ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘ এবং ১৯৪৩ সালে ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাংস্কৃতিক আন্দোলন আরও ব্যাপক গণভিত্তি লাভ করে।

The journey of culture in the light of the November Revolution



১৯৩৩ সালের ১০ মে নাৎসি জার্মানিতে হাজার হাজার বই পুড়ছে দাউদাউ করে,  মার্কস, এঙ্গেলস, ফ্রয়েড, হাইনরিখ হাইনে, ব্রেখট, আইনস্টাইনসহ বহু লেখক ও চিন্তাবিদের রচনা আগুনে ছুঁড়ে  ফেলা হচ্ছে।জার্মানিতে নাৎসিদের বই পোড়ানোর সেই সময় এক লেখক, অস্কার মারিয়া গ্রাফ দেখেছিলেন যে তাঁর বই, পোড়ানোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে 'বার্ন মি' শিরোনামে একটি চিঠি লিখে ফেললেন, তাঁর বইও যেন অবিলম্বে পুড়িয়ে দেওয়া হয়। কারণ তিনি কোনও অবস্থাতেই বই-পোড়ানো দলের লোকেদের পছন্দের তালিকায় থাকতে চান না। এটাই চরম বাস্তব। কিন্তু ইতিহাস অন্য কথা বলে, মনে পরে গেল আমেরিকান লেখক রে ব্র্যাডবারির (Ray Bradbury) ১৯৫৩ সালের বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি সিনেমার কথা পরিচালক: ফ্রাঁসোয়া ত্রুফো (François Truffaut)র ফারেনহাইট ৪৫১ (১৯৬৬) । 

৪৫১ ডিগ্রি ফারেনহাইট হল সেই তাপমাত্রা, যাতে বই জ্বলে ওঠে। এই সিনেমার  প্রেক্ষাপট এক ভবিষ্যৎ সমাজ, যেখানে বই পড়া বা রাখা কঠোর ভাবে নিষিদ্ধ। সমাজকে প্রশ্নহীন ও নিয়ন্ত্রিত রাখতে রাষ্ট্রীয় নির্দেশে বই খুঁজে খুঁজে পুড়িয়ে ফেলা হয়।সেখানে অগ্নিনির্বাপকদের মূল কাজ আগুন নেবানো নয়, বইয়ের সন্ধান পেলেই তাতে আগুন ধরিয়ে দেওয়া। এই ছবির প্রধান চরিত্র মন্টাগ, যে নিজেও একজন অগ্নিনির্বাপক। এক দিন চুরি করে-আনা একটি বই পড়ে তার ভিতরে তোলপাড় শুরু হয়, তার ভাবনা-চিন্তায় আমূল বদল আসে। সে অনুধাবন করে বইয়ের গুরুত্ব, এবং শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে বই রক্ষকদের দলে যোগ দেয়। ছবিটা শেষ হয় কিছু মানুষের আত্মত্যাগের দৃশ্যে, যারা প্রত্যেকে এক-একটি বই বইয়ের শরীর ধ্বংস হলেও তার ভিতরে সঞ্চিত জ্ঞান মুখস্থ করে নিজেদের স্মৃতিতে বাঁচিয়ে রাখে যাতে  বইগুলো বেঁচে থাকে। আজ বড় প্রাসঙ্গিক হয়ে সামনে এলো।

১৯৩৭ সালের ২৬ এপ্রিল জেনারেল ফ্রাঙ্কোর নির্দেশে জার্মান বিমানবাহিনী স্পেনের গুয়ের্নিকা শহর ধ্বংস করে দেয়। এই নৃশংসতার প্রতিবাদেই পিকাসো সৃষ্টি করেন তাঁর বিখ্যাত ছবি ‘গুয়ের্নিকা’। ছবিটি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। এখানেই শিল্পীর সামাজিক দায়বদ্ধতার প্রকৃত পরিচয়।পাবলো পিকাসো একবার বলেছিলেন, "শিল্পী কখনোই সমাজবিচ্ছিন্ন মানুষ নন। তিনি শুধু ছবি আঁকেন, গান করেন বা কবিতা লেখেন না; চারপাশের জীবন, মানুষের সুখ-দুঃখ, সংঘাত ও রাজনৈতিক বাস্তবতাও তাঁকে স্পর্শ করে। শিল্প মানুষের জীবনেরই প্রকাশ। তাই শিল্প শুধু ঘর সাজানোর উপকরণ নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের আত্মরক্ষার হাতিয়ারও।" 
আজ  আমাদের দেশ থেকে এই বাংলায়  নয়া ফ্যাসিবাদী  দল ও সরকারের হাত ধরে সাধারণ মানুষের জীবন যখন নানা সংকটে বিপর্যস্ত, সরাসরি বই থেকে শিক্ষার ওপর আক্রমণ নেমে আসছে তখন প্রশ্ন জাগে—পিকাসো,আইনস্টাইন থেকে রবীন্দ্রনাথ, রামমোহন,বিদ্যাসাগরদের উত্তরসূরিরা কোথায়? আমাদের সাংস্কৃতিক চেতনা কি ক্রমশ অসাড় হয়ে পড়ছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় কয়েকটি মৌলিক বিষয়ে—সংস্কৃতি কী, সমাজে তার ভূমিকা কী,  তার সঙ্গে রাজনীতির সম্পর্ক কোথায়?সংস্কৃতি বলতে আমরা অনেক সময় নাচ, গান, নাটক, সাহিত্য, ছবি বা সিনেমাকেই বুঝি। কিন্তু সংস্কৃতির অর্থ আরও ব্যাপক। অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ব্যাখ্যায় সংস্কৃতি হলো ‘সম্যক কৃতি’। অর্থাৎ মানুষের শিল্প, সাহিত্য, চিন্তা, আচার-আচরণ, মূল্যবোধ ও জীবনযাপনের সামগ্রিক প্রকাশ। রবীন্দ্রনাথের ভাষায়, শিক্ষা যদি হয় কমল হীরের পাথর, তবে তার থেকে বিচ্ছুরিত আলোই সংস্কৃতি। সুতরাং সংস্কৃতি কখনোই সমাজ, অর্থনীতি ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হতে পারে না।
মার্কস বলেছিলেন, মানুষের চেতনা তার সামাজিক অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে না, বরং সামাজিক অস্তিত্বই মানুষের চেতনাকে গড়ে তোলে। আজকের পুঁজিবাদী সমাজে এই সত্য আরও স্পষ্ট। মুনাফার স্বার্থে ভোগবাদ, ব্যক্তিস্বার্থ ও আত্মপ্রচারকে সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য করে তোলার চেষ্টা চলছে। সামাজিক মাধ্যমের একাংশে সহজে অর্থ উপার্জন, আত্মপ্রচার এবং চটুল বিনোদনের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা সমাজচেতনা ও মননশীলতাকে দুর্বল করছে। অন্যদিকে শিক্ষা দুর্নীতিগ্রস্ত, কর্মসংস্থান সংকুচিত এবং তরুণ সমাজ অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত। সুভাষ মুখোপাধ্যায়ের কথায়, ‘যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই।’ এই বাস্তবতায় তরুণ প্রজন্মকে সমাজবিমুখ করে রাখা শাসক ও পুঁজির স্বার্থে পরিচালিত করতে চাইছে।

ইতিহাস দেখিয়েছে, শুধু অস্ত্রের জোরে দীর্ঘস্থায়ী শাসন প্রতিষ্ঠা করা যায় না; মানুষের মন ও সংস্কৃতির ওপর প্রভাব বিস্তার করাও জরুরি। তাইতো আজ পুঁজির স্বার্থে মানুষের পোশাক, খাদ্যাভ্যাস, রুচি, আনন্দ-বেদনার প্রকাশ  এবং সংস্কৃতিকে পর্যন্ত বিজ্ঞাপন ও বাজারের প্রভাবে নিয়ন্ত্রিত করতে চাইছে এরা। আবার কখনো অর্থনৈতিক সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে উগ্র জাতীয়তাবাদ ও বিভাজনের রাজনীতি সামনে আনা হচ্ছে। তাই মানুষের ব্যক্তিস্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই সমষ্টিচেতনা গড়ে তোলা আজকের দিনে  অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে ।

মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে সংস্কৃতি সমাজের অর্থনৈতিক ভিত্তির সঙ্গে সম্পর্কিত হলেও তার বিকাশ সরলরৈখিক নয়। এঙ্গেলস দেখিয়েছেন, অর্থনৈতিক ভিত্তি রাজনীতি, আইন, দর্শন, ধর্ম ও সাহিত্যের বিকাশকে প্রভাবিত করে; আবার এই ক্ষেত্রগুলিও অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করে। অর্থাৎ শিল্প-সাহিত্যের নিজস্ব স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই স্বাধীনতাও সামাজিক বাস্তবতার মধ্যেই গড়ে ওঠে। কৌমসমাজ, দাসপ্রথা, সামন্ততন্ত্র ও পুঁজিবাদ কখনোই একই ধরনের শিল্প-সাহিত্যের জন্ম দেয়নি। যুগ বদলের সঙ্গে মানুষের জীবনবোধ ও শিল্পের ভাষাও বদলেছে।একসময় সামন্ততন্ত্রের বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণি ছিল প্রগতির বাহক। কিন্তু আজ উৎপাদন ও সমাজের বিকাশের পথে পুঁজিবাদ নিজেই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই অতীতের সবকিছুকে অস্বীকার নয়, আবার নির্বিচারে গ্রহণও নয়। লেনিনের শিক্ষা হলো,"অতীতের শিল্প-সাহিত্য থেকে জীবন্ত, গণতান্ত্রিক ও প্রগতিশীল উপাদানগুলিকে গ্রহণ করতে হবে এবং জীর্ণ, প্রতিক্রিয়াশীল উপাদানগুলিকে বর্জন করতে হবে। নতুন সংস্কৃতি গড়ে উঠবে অতীতের শ্রেষ্ঠ ঐতিহ্য ও বৈপ্লবিক নতুনত্বের সমন্বয়ে।" শিল্পের সামাজিক দায়বদ্ধতা নিয়েও লেনিনের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিল্প-সাহিত্যে ‘পার্টিজান’ বা পক্ষাবলম্বনের কথা বলেছেন। অর্থাৎ শিল্পী যে সমাজে বাস করেন, সেখানে শোষণ ও শোষিতের দ্বন্দ্বের বাইরে তাঁর অবস্থান সম্ভব নয়। তবে রাজনৈতিক বক্তব্য থাকলেই কোনো সৃষ্টি মহৎ শিল্প হয়ে ওঠে না। তার নিজস্ব শৈল্পিক গুণ ও সৌন্দর্যও থাকতে হবে। গোর্কি, মায়াকোভস্কি, পুশকিন ও টলস্টয়ের সাহিত্যকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে লেনিন এই কথাই বুঝিয়েছেন।

বাংলার নবজাগরণ থেকে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসেও এই সত্যের প্রতিফলন রয়েছে। রামমোহন, বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন সামন্ততান্ত্রিক কুসংস্কার ও মধ্যযুগীয় চিন্তার বিরুদ্ধে লড়াই করেছিলেন। রবীন্দ্রনাথের সাহিত্যেও সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও সামাজিক পশ্চাৎপদতার বিরুদ্ধে প্রতিবাদী চেতনা প্রকাশ পেয়েছে। বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশকে রুশ বিপ্লবের প্রেরণায় বাংলায় মার্কসবাদী সাংস্কৃতিক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। নজরুল, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রমুখের সৃষ্টিতে সাম্যবাদী চিন্তার প্রকাশ ঘটে।১৯৩৬ সালে সর্বভারতীয় প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক উদ্যোগ এই আন্দোলনকে নতুন মাত্রা দেয়। রবীন্দ্রনাথসহ বহু বিশিষ্ট লেখক, শিল্পী ও বুদ্ধিজীবী ফ্যাসিবাদ ও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন। মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, গোপাল হালদার, সরোজ দত্ত প্রমুখ এই ধারাকে সমৃদ্ধ করেন। ১৯৪২ সালে ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘ এবং ১৯৪৩ সালে ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাংস্কৃতিক আন্দোলন আরও ব্যাপক গণভিত্তি লাভ করে। যুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে শিল্প-সাহিত্য হয়ে ওঠে মানুষের প্রতিবাদের ভাষা।

আজ আমাদের সামনে তাই নতুন সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার চ্যালেঞ্জ। ছাত্র, যুব, শ্রমিক, কৃষকসহ সমাজের সব স্তরের প্রগতিশীল মানুষকে এই আন্দোলনে যুক্ত করতে হবে। মানুষের মধ্যে যুক্তিবোধ, মানবিকতা, বিজ্ঞানমনস্কতা, সমষ্টিচেতনা ও প্রতিবাদী মনোভাব গড়ে তুলতে হবে। একই সঙ্গে নিজের মধ্যেও আত্মসমালোচনা ও আদর্শগত লড়াই জারি রাখতে হবে। লেনিনের কথায়, "‘সর্বহারার সংস্কৃতি আকাশ থেকে পড়ে না’; অতীতের শ্রেষ্ঠ অর্জনকে আত্মস্থ করেই তাকে গড়ে তুলতে হয়।"
সংস্কৃতির লড়াই আসলে মানুষের মনুষ্যত্ব রক্ষার লড়াই। এই লড়াই শুধু মঞ্চে, মিছিলে বা প্রকাশ্যে নয়; মানুষের চিন্তা ও বিবেকের গভীরেও প্রতিদিন চলতে থাকে। তাই আজ পিছিয়ে যাওয়ার সময় নয়, বরং নতুন করে প্রস্তুত হওয়ার সময়। শাসকের অন্ধকার যতই ঘনিয়ে আসুক, মানুষের মুক্তির আকাঙ্ক্ষা নিভে যেতে পারে না। রবীন্দ্রনাথের ভাষায়, ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো।’সেই আলোর সন্ধানেই আজ আমাদের পথে নামতে হবে। সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং একটি মানবিক, শোষণমুক্ত সমাজের স্বপ্নকে জীবন্ত রাখতে হবে। কারণ রাজনৈতিক সংগ্রাম ও সাংস্কৃতিক সংগ্রাম পরস্পরের পরিপূরক। মানুষের মুক্তির লড়াইয়ে একটিকে বাদ দিয়ে অন্যটি কখনো সম্পূর্ণ হতে পারে না।
আজ এই বাংলায় নতুন  ভাষার জন্ম দিতে চাইছে ওরা,  'বই জেহাদ'। স্টল ভাঙার জন্য বুলডোজার, বই তোলার জন্য পুরসভার জঞ্জালের লরি, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং লাঠিচালনা, এ সব দৃশ্য স্বাধীনতার পর বাংলা প্রথম দেখলো সরকারি নির্দেশ আর নব্য গেস্টাপো বাহিনীর হাত ধরে । বইয়ের স্টলের আয়োজকদের 'দেশদ্রোহী; 'জেহাদি' ও 'ধর্মদ্রোহী' আখ্যা দিয়ে মারধর করা হয়েছে জেলায় জেলায়। ফলে বইয়ের স্টল গুঁড়িয়ে দিয়ে বিরোধী রাজনীতির মতাদর্শকে পরাজিত করার  যে বার্তা দিতে এসেছিল রাজ্যের শাসক দল, পাশাপাশি জনসাধারণের কোথাও নীরব কোথাও সরব প্রতিবাদে  মানুষের জমায়েত বাড়ছে । আজ তাই নতুন করে  ব্রেখটের সেই  কবিতাটি তাঁর বিখ্যাত নাটক 'দ্য মাদার' (The Mother / Die Mutter)-এর জন্য লিখেছিলেন কথা মনে পড়ছে "Hungriger, greif nach dem Buch: es ist eine Waffe"এর ইংরেজি অনুবাদ "Hungry man, reach for the book: it is a weapon"। যা আজও আমাদের জাগ্রত করে ,পথ দেখায়,  "ভুখা মানুষ বই ধরো, ওটা হাতিয়ার"।
প্রকাশ: ১৭-নভেম্বর-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 17-Nov-26 08:59 | by 3
Permalink: https://cpimwestbengal.org/the-journey-of-culture-in-the-light-of-the-november-revolution
Categories: Fact & Figures
Tags: cultural movement, november revolution, octoberrevolution
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড